দেশে বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের ডাক দিতে এবং মাঠে নামার জন্য আহ্বান জানিয়েছেন গণফোরামের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন। রোববার বিকালে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘ড. কামাল হোসেনের ৮৭তম জন্মদিন উৎসব উপলক্ষে’ এ অনুষ্ঠানের আয়োজন করে গণফোরাম। ২০ এপ্রিল ড. কামাল হোসেনের ৮৭তম জন্মদিন। তিনি ১৯৩৭ সালে ২০ এপ্রিল বরিশালের শায়েস্তাবাদে জন্মগ্রহণ করেন। তার জন্মদিন উপলক্ষে নানা রঙের বেলুন ও ফুল দিয়ে আবদুস সালাম হল সাজানো হয়।
কামাল হোসেন বলেন, আজকে যারা কষ্ট করে এসেছেন তাদের সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আপনাদের আসার কারণে আমি খুবই উৎসারিত হচ্ছি। কারণ যে কঠিন অবস্থার মধ্যে দিয়ে দেশ ও জাতি যাচ্ছে, সেখান থেকে মুক্ত হওয়ার একমাত্র পথ হলো, ঐক্যবদ্ধ আন্দোলন করা। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সবাইকে আজকে আমরা এখানে পাচ্ছি। আমার আন্তরিক আবেদন, আসেন- আজকে আমরা সিদ্ধান্ত নেই, আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশকে এই কঠিন অবস্থা থেকে মুক্ত করার জন্য জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাই।
ড. কামাল বলেন, আমরা বিশ্বাস, ইতিহাস থেকে আমরা যে শিক্ষা পাচ্ছি- যখনই আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করতে পেয়েছি, যতই কঠিন চ্যালেঞ্জ সামনে থাকে সেখানে আমরা অতিক্রম করতে পেয়েছি।
আসুন আজকে আমরা এই সিদ্ধান্ত নেই, যারা যারা আজকে এখানে আছি, যারা আজকে আসতে পারেনি এবং আসার ইচ্ছা ছিলো- সবাই মিলে আমরা একটা ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেই এবং মাঠে নামি।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা কমরেড খালেকুজ্জামান বলেন, দেশে যে অন্ধকার, গভীর অন্ধকার। এই অন্ধকার থেকে সূর্যোদয়ের সময় হয়েছে। এজন্য আমাদের মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে।
ড. কামাল হোসেনের প্রসঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ড. কামাল হোসেনের মতো একজন নেতা দরকার। তিনি একজন রাজনীতিবিদ। কোন লোক বলতে পারবেন যে, তিনি দুর্নীতিবাজ ও দখলবাজ। কেউ বলতে পারবেন যে, তিনি কারো ক্ষতি করেছেন। তিনি গণমানুষের নেতা ও যোগ্য মানুষ।
অনুষ্ঠানের শুরতেই সঙ্গীত পরিবেশন করা হয়। পরে গণফোরামের পক্ষ থেকে ড. কামাল হোসেনকে উত্তরী পড়িয়ে দেন। তারপরে জন্মদিন উপলক্ষে গণফোরামসহ অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। বক্তব্য শেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ গণফোরামের নেতাকর্মীদের নিয়ে জন্মদিন উপলক্ষে ১০ পাউন্ড ওজনের একটি কেক কাটেন কামাল হোসেন। এরআগে শনিবার রাজধানীর গুলশানে পারিবারিকভাবে ড. কামাল হোসেনের ৮৭তম জন্মদিন পালন করা হয় বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট এস এম আলতাফ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানে গণফোরামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

