সড়কে পড়ে ছিল আওয়ামী লীগ নেতার রক্তাক্ত মরদেহ

বাগেরহাটে নকিব আকবর আলী (৭২) নামের এক আওয়ামী লীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে মাজার-পাটগাতি আঞ্চলিক মহাসড়কের মুনিগঞ্জ সেতুর টোল প্লাজাসংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আকবর আলী বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তিনি সদর উপজেলার বিষ্ণুপুর এলাকার বাসিন্দা। এছাড়া তিনি বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ছিলেন। পরিবারের সদস্যদের দাবি আকবর আলীকে হত্যা করা হয়েছে।

স্থানীয়রা জানান, মাজার-পাটগাতি আঞ্চলিক মহাসড়কের ওপর ওই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। পরে তাকে বাগেরহাট জেলা হাসপাতালে নেওয়া হয়। সড়কের পাশে একটি মোটরসাইকেল পড়ে ছিল।

আকবর আলীর জামাতা এনামুল হোসেন বলেন, এটি একটি হত্যাকাণ্ড হতে পারে। তার চোখ, কপাল ও মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে।

বাগেরহাট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পার্শা সানজানা বলেন, আকবর আলীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

বাগেরহাট সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত কুমার সরদার বলেন, মরদেহের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.