“বাংলাদেশ দূতাবাস ফ্রান্স ও ইউনেস্কোর যৌথ আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন”

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে প্যারিসে বাংলাদেশ দূতাবাস ও ইউনেস্কোর যৌথ আয়োজনে দিন ব্যাপী সম্মেলন ও বিভিন্ন দেশের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফ্রান্সে অবস্থিত ইউনেস্কো সদর দপ্তরে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

বুধবার সকাল ১০টায় ইউনেস্কো সদর দপ্তরে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের অংশ হিসেবে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোর স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা এবং ইউনেস্কো প্রতিনিধি, বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রীয় ডেলিগেটসগণ উপস্হিত ছিলেন। প্যানেল আলোচনায় বাংলাদেশের হয়ে অংশ নেন, টেন মিনিটস স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক।

এবছর দিবসটি পালনের প্রতিপাদ্য বিষয় ছিল « বহুভাষিক শিক্ষা – শেখার এবং আন্তঃপ্রজন্মীয় শিক্ষার একটি স্তম্ভ” (Multilingual education is a pillar of intergenerational learning)

উল্লেখ্য যে, ১৯৯৯ সালে ইউনেস্কো’র সাধারণ সম্মেলনে এই দিবসটি উদযাপনের অনুমোদন পায় এবং ২০০০ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি উদযাপিত হয়ে আসছে।

দিনব্যাপী সম্মেলন শেষে সন্ধ্যায় বিভিন্ন দেশের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। শিল্পীরা তাদের পরিবেশনায় নিজ নিজ মাতৃভাষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন। বাংলাদেশের নৃত্যশিল্পীরা শিল্পী শরিফুল ইসলামের নৃত্য পরিকল্পনায় ৫২ থেকে গত সাত দশকের সাংস্কৃতিক বিকাশ, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন। বাংলাদেশ ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে একে একে অংশগ্রহণ করেন থাইল্যান্ড, প্যারাগুয়ে, মালদোভা, আজারবাইজান, ইন্দোনেশিয়া, রাশিয়া, শ্রীলঙ্কা, ইউক্রেন, চীন, উজবেকিস্তান, কেনিয়া ও পাকিস্তানের শিল্পীরা। গান, কবিতা, অপেরা, পিয়ানো ও নৃত্য পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করেন অংশগ্রহণকারী শিল্পীরা।

এদিকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপন উপলক্ষ্যে প্যারিসের অদূরে সেন্টডেনিসে নির্মিত স্থায়ী শহীদ মিনার এবং তুলুজ শহরে অপর এক স্থায়ী শহীদ মিনারে বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে।
রাকিবুল ইসলাম , ফ্রান্স প্রতিনিধি , শুদ্ধস্বর ডটকম ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.