“প্যারিসে প্রথমবারের মতো স্থায়ী শহীদ মিনারে ভাষা দিবস পালন”

মোদের গরব, মোদের আশা,

আ মরি বাংলা ভাষা!

মহান একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে গৌরব, আত্মত্যাগ ও চেতনার নাম। দেশে ও বিদেশে প্রতিটি বাংলা ভাষাভাষী মানুষ গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে সেই সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদেরকে–যাদের আত্মত্যাগ ও অকুতোভয় দৃঢ় প্রতিবাদ আমাদের বাংলায় কথা বলতে শিখতে ও লিখতে পারার অধিকারকে সুরক্ষিত করেছে। ফ্রান্সে বসবাসকারী বাংলাদেশীরাও এর ব্যতিক্রম নয়। ১৯৯৯ সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার পর থেকে ফ্রান্সে প্রবাসী বাঙ্গালীরা অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসায় এ দিবসটি পালন করে আসছেন।

 

এবছর প্যারিস ও এর আশপাশের এলাকার প্রবাসীদের ভাষা দিবস নিয়ে উৎসাহ উদ্দীপনা ছিল ব্যাপক। কারণ এবার রাজধানী প্যারিসে নির্মিত প্রথম স্থায়ী শহীদ মিনারে প্রথমবারের মতো ৫২ র ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেন বাংলাদেশীরা। তবে প্যারিসে প্রথম হলেও ফ্রান্সে প্রথম স্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হয় ২০২০ সালে সর্ব দক্ষিণের আরেক বাংলাদেশি অধ্যুষিত শহর তুলুজে। বাংলাদেশ কমিউনিটি এসোসিয়েশন তুলুজের সভাপতি ফকরুল আকম সেলিমের উদ্যোগে এই শহীদ মিনার নির্মাণ করা হয়। আর প্যারিসে অল ইউরোপীয়ান বাংলাদেশ এসোসিয়েশনের মহসচিব কাজী এনায়েত উল্লাহ ও ছিকানো বাঙ্গালী এসোসিয়েশনের সভাপতি সরুপ সদিওলের উদ্যোগে ২০২৩ সালে স্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হয়। তাই এ বছর প্রথমবারের মতো প্রবাসীরা প্যারিসে সম্মিলিত ভাবে এক জায়গায় একুশ উৎযাপনের সুযোগ পান।

 

 

স্থানীয় সময় বিকেল ৩ টায় প্যারিসের বিখ্যাত সেইন্ট ডেনিস ইউনিভার্সিটির বার্নার্ড মারি স্কয়ারে নির্মিত শহীদ মিনারে এসোসিয়েশন ছিকানো বাঙ্গালী ও একুশ উদযাপন পরিষদ, ফ্রান্স যৌথভাবে নানা আয়োজনে এ দিবসটি উদযাপন করেছে। এ সময় প্রবাসী বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠন নিজ নিজ ব্যানার ফেস্টুন নিয়ে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া তুলুজ শহরে একই সময় তুলুজ ও এর আশপাশের বাংলাদেশীরা তাদের স্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি এসোসিয়েশন তুলুজের সভাপতি ফকরুল আকম সেলিম ও তুলুজের মাননীয় ডেপুটি মেয়র জনাব জন-ক্লদ ডারডেলেট। সেখানেও একে একে সকল প্রবাসী সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক সংগঠন ও সাধারণ মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরে প্যারিস ও তুলুজ উভয় শহীদ মিনারে একুশের গান, কবিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি ইত্যাদির আয়োজন করা হয়।

এদিকে ফ্রান্সে বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের আয়োজনে অংশ না নিয়ে দূতাবাসের আঙ্গিনায় অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তবে এ নিয়ে প্রবাসীরা নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

রাকিবুল ইসলাম , ফ্রান্স প্রতিনিধি, শুদ্ধস্বর ডটকম ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.