ফ্রান্সে কৃষক বিক্ষোভ, রাস্তায় সবজি ঢেলে পথ অবরোধ

হাইওয়েতে ছড়িয়ে আছে সবজি। রাস্তা অবরোধ করা হয়েছে। সরকারি বাড়িতে লাগিয়ে দেয়া হচ্ছে সার। সারি সারিট্রাক্টরও দাঁড় করিয়ে রাখা হয়েছে। ফ্রান্সের বড় শহরগুলির বাইরে এভাবেই বিক্ষোভ করছেন কৃষকরা। সস্তায় জিনিস আমদানি, চাষের খরচ বেড়ে যাওয়ায় বিক্ষোভ করছেন তারা।

মার্সেই ও লিয়ঁর মধ্যে সংযোগকারী এ৭ হাইওয়েতে ছড়ানো ছিল টমেটো, বাঁধাকপি, ফুলকপি। কৃষকদের অভিযোগ এই সবজিগুলিই প্রতিবেশী দেশ থেকে কম দামে আমদানি করা হচ্ছে।

প্যারিসের কাছে সবচেয়ে ব্যস্ত সময়ে ট্রাক্টরগুলি সড়ক দিয়ে ধীরে ধীরে চলছিল। বিএফএম টিভি-কে এক কৃষক জানিয়েছেন, তারা ধীরে ধীরে প্যারিসের খুব কাছে এসে গেছেন।

কৃষকদের শক্তিশালী সংগঠন এফএনএসইএ সরকারের হাতে তাদের একশটি দাবি তুলে দিয়েছে। তারা কৃষিক্ষেত্রের আরো সুরক্ষা চেয়েছে। তাদের দাবি, বিদেশ থেকে সস্তায় সবজি এনে তাদের অন্য়ায় প্রতিযোগিতার মুখে ফেলে দেয়া হচ্ছে। আর আমলাতন্ত্র তাদের উপর অনেক বেশি বোঝা চাপাচ্ছে।

ফ্রান্সে কৃষকদের এই ইউনিয়ন খুবই প্রভাবশালী। তারা দাবি করেছে, কৃষকদের ট্রাক্টর ও গাড়ির ক্ষেত্রে ডিজেলে ছাড় দিতে হবে। অবিলম্বে ইইউ-র দেয়া কৃষি ভর্তুকি তাদের হাতে তুলে দিতে হবে, বিমার অর্থ দেয়ার গ্যারান্টি দিতে হবে, জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতি হলে তা পূরণ করতে হবে।

নতুন প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্ট মাক্রোঁ দুই সপ্তাহ আগে নিয়োগ করেছেন। মাক্রোঁর আশা, প্রশাসনে নতুন প্রাণ সঞ্চার করবেন তিনি। বৃহস্পতিবার অর্থ, পরিবেশ ও কৃষিমন্ত্রীরা আলোচনায় বসেছিলেন। তারা শুক্রবারের মধ্যে কৃষকদের বিষয়ে একটা ঘোষণা করতে চান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.