“ফরাসী মূল ধারার মঞ্চ নাটকে প্রতিভাবান বাংলাদেশী নাট্যকর্মী”

ডিসেম্বর ১৩ থেকে ২০ পর্যন্ত ফ্রান্সের রাজধানী প্যারিসের La Commune centre dramatique national, Aubervilliers মঞ্চস্থ হচ্ছে লুইজি পিরানডেলো (Luigi Pirandello) রচিত এবং মেরী হোজে মালি (Marie-José Malis) নির্দেশিত নাটক ‘Les Géants de la Montagne’। এই নাটকে মঞ্চে অভিনয় করছেন বাংলাদেশী প্রতিভাবান নাট্যকর্মী সোয়েব মোজাম্মেল। উল্লেখ্য যে এই নাটকে ফরাসী ভাষার সংলাপের পাশাপাশি কিছু বাংলা ভাষাও ব্যবহার করা হয়েছে। চারণ সাংস্কৃতিক কেন্দ্র ফ্রান্স শাখার সদস্য সোয়েব মোজাম্মেল দীর্ঘদিন যাবত ফরাসী মূল ধারার মঞ্চ নাটকে কাজ করে আসছেন।

 

এছাড়াও ‘কবিতায় আড্ডা’ শিরোনামে প্রবাসী বাংলাদেশী ও বিভিন্ন ভাষাভাষী সাহিত্য অনুরাগী ব্যাক্তিদের নিয়ে নিয়মিত সাহিত্য আড্ডা ও আবৃত্তির আয়োজন করে আসছেন। বাংলাদেশের সন্তান সোয়েব মোজাম্মেল তাঁর মেধা-শ্রম আর নিয়মিত চর্চা দিয়ে ফরাসী মূলধারার পেশাদার নাট্যগ্রুপে নিজের অবস্থান প্রতিষ্ঠা করে চলেছেন। ফরাসী মূলধারার মঞ্চ নাটকে তিনি এখন একজন নিয়মিত অভিনয় শিল্পী। সোয়েব মোজাম্মেলের নাটকে পদার্পণ সেই শৈশব কাল থেকে। ১৯৮৮ সালে ঢাকা’র মুরাদপুরে এক সন্ধ্যায় নাটকের মহড়া দেখতে গিয়ে শিশুশিল্পীর অনুপস্থিতিতে মহড়ায় অংশগ্রহণ করতে গিয়ে নাটকের পথে পথচলা শুরু করেন। তারপর বাবার কর্মস্থল পরিবর্তন হলে চট্টগ্রামে স্থানান্তরিত হয়ে যুক্ত হন শিশু থিয়েটার চট্টগ্রামে, ১৯৯৫ সালে যুক্ত হন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অন্যতম নাট্য দল অরিন্দম নাট্য সম্প্রদায় এর সাথে। তাছাড়া ১৯৯৭ সাল থেকে বাংলাদেশ ইনস্টিটিউট অফ থিয়েটার আর্টস’ এ যোগদানের মাধ্যমে অভিনয়, নাট্য কর্মশালা পরিচালনা ও নাট্য প্রযোজনা করতে গিয়ে বাংলাদেশের গ্রামে গঞ্জে ছড়িয়ে থাকা তৃণমূল মানুষ ও শিল্পীদের সান্নিধ্যে দৈনন্দিন শিল্পচর্চা তাঁকে অনেক বেশী শানিত ও প্রভাবিত করে। বাবা মায়ের আগ্রহ ও উৎসাহ তাঁকে নাট্যচর্চার অদ্যাবধি অনুপ্রেরণা যুগিয়ে চলেছে।

 

সোয়েব মোজাম্মেল অভিনীত উল্লেখযোগ্য নাট্য প্রযোজনা “এসো দেশ গড়ি, ভোট পাগলা, অদ্ভুত ভূত, চিচিঙ্গে এন্ড কোং, এই পিরীতি সেই পিরীতি নয়, সাজন মেঘ, তাইরে নাইরে না, নীল পলি, ভবঘুরে, চক্রবৃদ্ধি, মীন কন্যা, মেঘের ভেলা ও কালোচাঁদ উল্লেখযোগ্য। ফ্রান্সে ইতিমধ্যে বেশ কয়েকজন স্বনামধন্য নাট্য নির্দেশকের সাথে তিনি কাজ করেছেন। তাদের মধ্যে অন্যতম-Marie Lamachère, Maxime Chazalet, Émilie Heriteau,Françoise L’époux, Maxime Kurvers, Jérôme Bel, Olivier coulon উল্লেখযোগ্য। বর্তমানে চলমান এই নাট্য প্রযোজনাটি ইতিমধ্যে প্রথম ধাপে একটানা ১২ দিন ব্যাপী ফ্রান্সের একটি স্বনামধন্য থিয়েটার হলে মঞ্চস্থ হয়েছে । নাটকের মূল গল্পটি হলো: “দ্য ফেবল অফ দ্য সাবস্টিটিউটেড সন”। পিরানডেলোর এই নাটকে “আধুনিক বিশ্বের নৃশংসতায় কবিতার ট্র্যাজেডি” মূল থিমটি তুলে ধরেন। নাটকটি স্পষ্টতই মুসোলিনির সাথে লেখকের দ্বিমতপূর্ণ সম্পর্কের সাথে সম্পর্কিত। এমন কল্পকথা নিয়ে নির্মিত নাটকে অভিনয় করেছেন- পাসকেল বাটিগ, জোয়ান এন্টিনো ক্রেসপিলো, সিলভিয়া আতেতো, অলিভিয়ে হরো, অ্যান-সোফি ম্যাজ, ইসাবেল ওড, লরেন্ট পারস, সোয়েব মোজাম্মেল। নাটকটি দ্বিতীয় ধাপে গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে ওবারভিলিয়ে শহরের লা কমিউন হলে। পরবর্তী প্রদর্শনী লা কমেডি দু কন্ , নরমোন্দিতে জানুয়ারী ৩১ ও ফেব্রুয়ারি ১, এবং থিয়েটার দু ভূবেতে চলবে ফেব্রুয়ারি ১৫ ও ১৬ ২০২৪। প্রবেশপত্র প্রদর্শনীর দিন মিলনায়তনে পাওয়া যাবে।

রাকিবুল ইসলাম, শুদ্ধস্বর ডটকমের ফ্রান্স প্রতিনিধি ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.