আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দলগুলোর সঙ্গে ৭টি আসনে দফা রফা করেছে ক্ষমতাসীনরা। ওয়ার্কার্স পার্টি, জাসদ ও জাতীয় পার্টি (জেপি) এ তিনটি দলকে ৭টি আসন দেওয়া হয়েছে।
তবে ৩টি আসন পেয়ে সন্তুষ্ট নয় ১৪ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। জাসদের সভাপতি হাসানুল হক ইনু দেশ রূপান্তরকে বলেন, আজ বৃহস্পতিবার আসন বণ্টন নিয়ে যে তালিকা প্রকাশ করা হয়েছে এটা অনানুষ্ঠানিক প্রাথমিক প্রস্তাব, চূড়ান্ত নয়। আমরা এটা গ্রহণ করিনি, পুনর্বিবেচনার জন্য এবং জোট নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনার জন্য পাঠিয়েছি।
তিনি বলেন, আমরা ইতিমধ্যে জানিয়েছি আসন বৃদ্ধির প্রস্তাবটি পুনর্বিবেচনা করতে হবে এবং যে আসন গুলো ছেড়ে দেওয়া হবে সেখানে স্বতন্ত্র আওয়ামী লীগ নেতাদের মনোনয়ন প্রত্যাহার করতে হবে। অবিলম্বে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, চূড়ান্ত আলোচনা এবং তারপর চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে।
আসন ছাড়ের তালিকায় আছে কুষ্টিয়া -২ আসনে হাসানুল হক ইনু, বগুড়া-৪ আসনে এ কে এম রেজাউল করিম তানসেন ও লক্ষ্মীপুর-৪ আসনে মোশাররফ হোসেন, তারা নৌকা প্রতীকে নির্বাচন করবেন।

