বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ জনগণের দ্বারা নির্ধারিত হওয়া উচিত

বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ দেশটির জনগণের দ্বারাই নির্ধারিত হওয়া উচিত বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন মুখপাত্র ম্যাথু মিলার।

ব্রিফিংয়ে একজন প্রশ্নকারী বলেন, বাংলাদেশ ও ঢাকা গাজার মতো আরেকটি উত্তপ্ত স্থান। অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হলে খুব শিগগিরই এটি গাজা উপত্যকায় পরিণত হবে। বাংলাদেশ একটি সার্বভৌম দেশ, যেখানকার ৯০ থেকে ৯৫ শতাংশ মানুষ গণতন্ত্রসহ অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে।

মানবাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ভূমিকা রাখা শুরু করলে বাংলাদেশের নাগরিকেরা খুব আশাবাদী হয়ে ওঠে। আওয়ামী লীগ ছাড়া সব প্রধান রাজনৈতিক দল ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও অন্যান্য দেশের কূটনীতিকদের সঙ্গে কাজ করছে। মার্কিন সরকার কেন ভারতের সঙ্গে বাংলাদেশ ইস্যু নিয়ে আলোচনা করে।

জবাবে মিলার বলেন, তিনি অনেকবার যা বলেছেন, তা-ই বলতে চাই। আর তা হলো, তারা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সমর্থন করেন। তারা মনে করেন, বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ দেশটির জনগণের দ্বারাই নির্ধারিত হওয়া উচিত।

পরে ওই সাংবাদিক বলেন, সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ক্ষমতাসীন দল ও বিরোধী দলের মধ্যে সংলাপের আহ্বান জানিয়ে চিঠি পাঠিয়েছেন। কিন্তু বিরোধী দলের অধিকাংশ রাজনৈতিক নেতা কারাগারে থাকা অবস্থায় সংলাপ কীভাবে হবে? এবং সরকার ক্র্যাকডাউন চালিয়ে যাওয়ায় বিরোধীদের কারা সেই চিঠি পেয়েছেন, সেটাও ভাবছি। গার্মেন্টস কর্মীও নিহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। এ বিষয়ে আপনার মন্তব্য কি? এই অবস্থার মধ্যে সংলাপ কীভাবে হতে পারে?

জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে আমাকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন সাংবাদিকের প্রচেষ্টাকে আমি স্বাগত জানাই, তবে তেমন কিছু করা থেকে আমি বিরত থাকব।

তিনি বলেন, বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনও পক্ষ নেবে না। আমরা একটি রাজনৈতিক দলের বিপরীতে অন্য কোনও দলকে সমর্থন করি না। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.