হামাসের হামলায় ইসরায়েলে এক উৎসবেই নিহত ২৬০

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস গত শনিবার থেকে ইসরায়েলে অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে হামাসের হাজার হাজার হামলায় নিহত ইসরায়েলির সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। আহত হয়েছে কয়েক হাজার। খবর বিবিসি ও আল জাজিরার।

এদিকে ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে এক সংগীতের উৎসব থেকে ২৬০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। হামাসের হামলায় তারা নিহত হয়েছেন। ইসরায়েলের উদ্ধারকারীরা এ তথ্য জানিয়েছেন।

রিমের কাছে সুপারনোভা মিউজিক ফেস্টিভ্যালে এ ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শুক্রবার ভোরে ওই অনুষ্ঠানে নাচছিলেন অংশগ্রহণকারীরা। এরপরেই শনিবার ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট হামলা চালায় হামাস।

আরেক ভিডিওতে দেখা যাচ্ছে, ফাঁকা মাঠে অনেকে ছোটাছুটি করছেন এবং পেছনে গুলির শব্দ শোনা যাচ্ছে।

অন্যদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে ৪১৩ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ইসরায়েলে কয়েকজন আমেরিকান নিহত হবার খবর তারা পেয়েছেন এবং এসব খবরের সত্যতা যাচাই করার কাজ চলছে। এছাড়া গাজা সীমান্তের কাছে কর্মরত ছিলেন এমন একজন ব্রিটিশ নাগরিক এখনো নিখোঁজ রয়েছেন।

গত শনিবার ইসরায়েলে বড় ধরনের আক্রমণ শুরু করে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর গতকাল রবিবার দিনভর গাজা উপত্যকায় পাল্টা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, যার অবসানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

দেশটির ডিফেন্স ফোর্স জানিয়েছে, গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে আক্রমণ করা হচ্ছে। ইসরায়েলের বেসামরিক নাগরিকদের সুরক্ষায় আমরা কাজ করে যাবো বলে তারা ঘোষণা দিয়েছে।

এদিকে হামাস ও ইসলামিক জিহাদ (পিআইজে) নেতার সঙ্গে ইরানের প্রেসিডেন্ট কথা বলেছেন বলে দেশটির রাষ্ট্রায়ত্ত মিডিয়া খবর দিয়েছে। তবে ওই দুই নেতার সঙ্গে ইব্রাহিম রাইসির আলোচনার বিষয়বস্তু প্রকাশ করা হয়নি।

হামাস ইরানের সমর্থনপুষ্ট। দেশটি তাদের অর্থ, অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে থাকে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.