আমি বিএনপির পতাকা গায়ে জড়িয়ে কবরে যেতে চাই : মনিরুল হক সাক্কু

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কুর মাথায় হাত বুলিয়ে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (৫ অক্টোবর) কুমিল্লার কালাকচুয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপির রোডমার্চ চলাকালে এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, বিএনপির রোডমার্চটি কালাকচুয়া থেকে সুয়াগাজী এসে পৌঁছালে মহাসড়কের দুপাশে সাক্কুর কর্মী-সমর্থকরা ভিড় জামান। এ সময় তারা কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর বহিষ্কার আদেশ প্রত্যাহার চেয়ে স্লোগান দেন। ভিড় ঠেলে মির্জা ফখরুল মাইক্রোবাসের জানালার কাছে এলে, তিনি গ্লাস নামিয়ে সাক্কুকে কাছে নিয়ে মাথায় হাত বুলিয়ে দেন। এ ঘটনায় সাক্কুর নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

এর আগে দলের নির্দেশ উপেক্ষা করে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করায় বহিষ্কার করা হয় কেন্দ্রীয় বিএনপির সদস্য ও কুমিল্লা দক্ষিণ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কুকে। তবে দল বহিষ্কার করলেও তিনি কেন্দ্রীয় কর্মসূচির সব অনুষ্ঠানে সরব উপস্থিতি দেখা যায়।

এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাক্কু সংবাদমাধ্যমকে বলেন, আমি বিএনপি করি। দুবার কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ছিলাম। দলের জন্য কাজ করেছি। দল আমাকে বহিষ্কার করলেও আমি দলের হয়ে কাজ করি। কর্মীদের নিয়ে দলের অনুষ্ঠান করি। কর্মীরা কাজ করছে। তাই কর্মীরা আমার বহিষ্কার আদেশ প্রত্যাহার চায়। আমি বিএনপির পতাকা গায়ে জড়িয়ে কবরে যেতে চাই।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.