ইউরোপের স্বপ্নে পানিতে ডুবে মৃত্যু ২৫০০

চলতি বছর ভূমধ্যসাগরে নৌকাডুবে আড়াই হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। তারা সবাই ইউরোপে যাওয়ার জন্য বিপজ্জনক এই পথ বেছে নিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত করুণ পরিণতি বরণ করতে হয় তাদের। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

বেশ কয়েক বছর ধরে এইপথে ইউরোপে যাওয়ার প্রবণতা বাড়ছে। বিপদসঙ্কুল এই পথ পাড়ি দিতে গিয়ে অসংখ্য প্রাণহানি ঘটছে। তারপরও থেমে নেই ভয়ংকর এই সমুদ্রযাত্রা।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের পরিচালক রুভেন মেনিকদিয়েলা বলেন, ‘২৪ সেপ্টেম্বর পর্যন্ত আমরা ২৫০০ মানুষ নিহত বা নিখোঁজ হওযার রেকর্ড পেয়েছি। গত বছর এই সময়ে মৃত্যুর সংখ্যা ছিল ১৬৮০ জন।’

এ ছাড়া সড়কপথেও অনেক অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয় বলে জানিয়েছেন এই কর্মকর্তা। তিনি বলেন, অভিবাসী এবং উদ্বাস্তুরা ‘প্রতি পদক্ষেপে মৃত্যু এবং চরম মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকিতে রয়েছে।’

জানুয়ারি থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ ইউরোপে সমুদ্রপথে প্রায় ১ লাখ ৮৬ হাজার মানুষ এসেছে। তারা ইতালি, গ্রিস, স্পেন, সাইপ্রাস এবং মাল্টায় অবতরণ করেছে। সবচেয়ে বেশি গিয়েছিলে ইতালিতে, যার সংখ্যা ১ লাখ ৩০ হাজার।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.