তামিমের যে খবরে ‘মেজাজ গরম’ হয়েছে পাপনের

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ওয়ানডের নেতৃত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দেন তামিম। তবে দেশ সেরা এই ওপেনারের চোটের ব্যাপারে অবহেলা করা হয়েছে বলে মনে করেন পাপন। আর তামিমের চোটসংক্রান্ত রিপোর্ট দেখার পর পাপনের ‘মেজাজ গরম’ হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।

আগামীর চোটের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেন তামিম। তবে তামিমের নেতৃত্ব ছাড়াটাকে বিসিবির জন্য একটা ‘ধাক্কা’ উল্লেখ করে নতুন অধিনায়ক নির্বাচন প্রসঙ্গে নাজমুল বলেন, ‘আমরা সবাইকে বলেছিলাম, বিশ্বকাপ পর্যন্ত তামিমই অধিনায়ক। কিন্তু ও নিজে থেকেই সিদ্ধান্তটা নিয়েছে। নতুন অধিনায়কের ব্যাপারে এখনই বলতে পারছি না। আগামী চার-পাঁচ দিনের মধ্যে আমরা বসে সিদ্ধান্ত নেব।’

তিনি আরও বলেন, ‘ও যে অধিনায়কত্ব ছেড়ে দেবে, আজকেই প্রথম জানলাম। ও দলের কথা, দেশের কথা চিন্তা করে…কোন ম্যাচ খেলবে, কোন ম্যাচ খেলবে না—এটা ওকেও পীড়া দিচ্ছে। এশিয়া কাপে বললে হয়তো খেলে ফেলত। কিন্তু এশিয়া কাপ খেলতে গিয়ে চোট আরও খারাপ হলে স্থায়ী ক্ষতি হয়ে যাবে। নিউজিল্যান্ড সিরিজ, বিশ্বকাপে খেলবে এ নিয়ে আশাবাদী।’

পাপন জানান, এর আগে কখনো তামিমের স্ক্যানের রিপোর্ট দেখেননি, ‘তামিম কিন্তু ঢাকায় এমআরআই বা স্ক্যান যা যা করার করেছে। ভারতে, ব্যাংককে, লন্ডনে করেছে। এবার প্রথম দুবাই থেকে রিপোর্ট পাঠায়, সেখানে প্রথম দেখি—সমস্যা আছে।’

এদিকে কেন আগে তাকে রিপোর্ট পাঠানো হয়নি, সেটিও নাকি এরপর তামিমের কাছে জানতে চান নাজমুল। তামিম এ ব্যাপারে বলেন, ‘আমার চোট কিন্তু ২০২২ সালের নভেম্বর থেকে ছিল। আগে রিপোর্ট পাঠাইনি। রিপোর্ট পাঠানোর সঙ্গে বলেছেন, কেন জানানো হয়নি তাঁকে। জানাতে বলেছেন। এটা কারও সাথে হওয়া উচিত নয়।’

এরপর বিসিবি সভাপতি বলেন, ‘আমার তো মেজাজই গরম হয়ে গেল, রিপোর্ট দেখার পর। এটা যাতে ভবিষ্যতে না হয়। সেটি নিশ্চিত করা হবে। নিশ্চয়ই কোনো না কোনোভাবে অবহেলা (তামিমের চোটের প্রতি) করা হয়েছে। তাই বিশ্বকাপের আগে এই অবস্থায় পড়তে হয়েছে। এটা অবশ্যই দুঃখজনক।’

facebook sharing button
twitter sharing button

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.