চিকিৎসককে হত্যার হুমকি জামায়াতের নোংরা চিন্তার বহিঃপ্রকাশ : স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসক অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামানকে হত্যার হুমকি দিয়ে জামায়াত ইসলামী তাদের নোংরা ও সন্ত্রাসী চিন্তার বহিঃপ্রকাশ ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

 

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর আগে তাকে চিকিৎসা দিয়েছিলেন ডা. মোস্তফা জামান।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক এস এম মোস্তফা জামান গতকাল রাতে আমার কাছে এসেছিলেন। তিনি সব ঘটনা বলেছেন।

 

‘আমরা এটাও প্রত্যক্ষ করেছি, তিনি একজন চিকিৎসক হিসেবে সেবা দান করেছেন। তার (সাঈদী) চিকিৎসা করেছেন। তারপরও ওই চিকিৎসককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এটা আমার কাছে আশ্চর্য লাগে।’

 

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমি মনে করি, তারা (জামায়াত) যে নোংরা চিন্তা করে, তারা যে সব সময় সন্ত্রাসী চিন্তা করে, তারা যে সব সময় রাষ্ট্রের বিরুদ্ধে চিন্তা করে, তারই একটি প্রতিফলন বোধহয় এই হুমকির মধ্য দিয়েই জামায়াত জানান দিয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.