ডিবি কার্যালয়ে যাচ্ছেন হিরো আলম

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণের দিন হামলার শিকার স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম হামলাকারীকে শনাক্ত করতে গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে যাচ্ছেন। তিনি নিজেই জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে মুঠোফোনে হিরো আলম বলেন, ডিবি কার্যালয়ে যাচ্ছি। সেখান থেকে ফোন করে আমাকে যেতে বলেছে। আমাকে হামলাকারী শনাক্ত করতে যেতে বলেছে।

 

হিরো আলমের ওপর হামলার ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার সাতজনের পরিচয় মিলেছে বলে জানিয়েছে পুলিশ। সবশেষ গতকাল বুধবার রাতে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ দুজন প্রথম হিরো আলমের ওপর হামলা চালায়।

 

গত সোমবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হামলার শিকার হন হিরো আলম। পরে তাকে রামপুরায় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

 

সেখান থেকে সন্ধ্যায় বাসায় ফিরে সংবাদ সম্মেলন করে ভোট প্রত্যাখ্যানের ঘোষণা দেন হিরো আলম। একই সঙ্গে তিনি এ সরকারের অধীনে আর কোনো নির্বাচন করবেন না বলে জানান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.