প্রায় একমাস ধরে নিখোঁজ চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। এই অবস্থায় আজ মঙ্গলবার (২৫ জুলাই) নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিয়েছে বেইজিং। দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রীর নাম ওয়াং ই। তিনি চীনের কমিউনিস্ট পার্টির পররাষ্ট্র বিষয়ক প্রধান। আগেও একবার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।
এদিকে নিয়োগ পাওয়ার সাত মাসের মাথায় পদ হারালেন কিন। ২০২২ সালের ডিসেম্বরে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। বিবিসি জানিয়েছে, গত ২৫ জুনের পর থেকে মোট ২৯ দিন কিনকে প্রকাশ্যে দেখা যায়নি। এ ব্যাপারে তার মন্ত্রণালয়ও নীরব ছিল, যার ফলে ব্যাপক জল্পনা-কল্পনার সৃষ্টি হয়।
৫৭ বছর বয়সী কিন ছিলেন চীনা কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ পদাধিকারীদের একজন। তিনি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন।
সবই ঠিক চলছিল। কিন্তু এ মাসের শুরু থেকে হঠাৎ করেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরের শিরোনাম হন কিন। কারণ বেশ কিছুদিন ধরে তাকে জনসম্মুখে দেখা যায়নি। এ সময় গুরুত্বপূর্ণ বেশ কিছু বৈঠক, যেখানে তার উপস্থিতি আবশ্যক ছিল, সেসব বৈঠকেও তার দেখা মেলেনি। এমনকি কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক বাতিলও হয়েছে।
চীনা সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দেশটির শীর্ষ আইনসভা ওয়াং ই’কে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগের পক্ষে ভোট দিয়েছে। যদিও প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রীর নিখোঁজ রহস্যের সমাধান হয়নি।
সিএনএন জানিয়েছে, গত ২৫ জুন বেইজিংয়ে শ্রীলঙ্কা, ভিয়েতনাম এবং রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন কিন। তারপর থেকেই তাকে আর জনসমক্ষে দেখা যায়নি। সংবাদমাধ্যমে তার শেষ উপস্থিতি ছিল রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ডেপুটি মিনিস্টার আন্দ্রে রুডেনকোর সঙ্গে। যিনি রাশিয়ায় ভাড়াটে বাহিনী ওয়াগনারের স্বল্পস্থায়ী বিদ্রোহের পরে চীনা কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে বেইজিংয়ে এসেছিলেন।

