বিএনপির হঠাৎ কর্মসূচিতে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির হঠাৎ ঘোষিত রাজনৈতিক কর্মসূচি ঘিরে ঢাকায় জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে দলটির শান্তিপূর্ণ কর্মসূচি পালনে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই বলে জানান তিনি।

মঙ্গলবার (২৫ জুলাই) সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোরের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

 

আগামী ২৭ জুলাই ঢাকায় বিএনপির মহাসমাবেশ কর্মসূচি নিয়ে কোনো সিদ্ধান্ত এসেছে কি না- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সিদ্ধান্ত কী হবে? দেখুন, হঠাৎ করেই তারা (বিএনপি) এমন এমন প্রোগ্রাম দিচ্ছেন যেগুলোয় জনদুর্ভোগ সৃষ্টি করছে। তারা বলছেন- তারা আন্দোলন শুরু করেছেন, তারা আন্দোলন করবেন। আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বাধা দিচ্ছি না।

 

মন্ত্রী বলেন, যদি জনগণ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয় আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু জনগণকে জোর করে আনতে চাইলেই আমাদের আপত্তি। কর্মসূচির নামে জনদুর্ভোগ সৃষ্টি, রাস্তাঘাট বন্ধ করে দেওয়া, জানমালের ক্ষতি বা জীবননাশ হলে তখনই আমরা বাধা দেবো।

তিনি বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে সরকারের কোনো বাধা নেই। আপনারা (সাংবাদিক) দেখেছেন, বিএনপি সব ধরনের কর্মসূচি করছে। তারা পদযাত্রা করেছে, মানববন্ধন করেছে। আমরা কিন্তু কোনোটাতেই বাধা দেইনি। কারণ, তারা সুন্দরভাবে এসব কর্মসূচি করেছেন। ফলে ভবিষ্যতেও যদি শান্তিপূর্ণভাবে করতে চান করবেন। সেখানেও আমাদের বাধা থাকবে না। কিন্তু জনদুর্ভোগ সৃষ্টি করে জানমাল বা সম্পদের ক্ষতি করতে চাইলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেবো। এটিই তাদের বলে দেওয়া হয়েছে।

আসাদুজ্জামান খান আরও বলেন, তারা (বিএনপি) পদযাত্রার পর অতিসম্প্রতি একটি লংমার্চ করলেন, তারুণ্যের একটা সমাবেশও করলেন। এখন তারা একটা বড় সমাবেশ করার জন্য আমাদের পুলিশ কমিশনারের কাছে চিঠি দিয়েছেন। পুলিশ কমিশনার এখনো মতামত জানাননি। শিগগির মতামত জানিয়ে দেবেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.