আগামীকাল শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বেলা ২টায় অনুষ্ঠেয় তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা তরুণদের নগরীতে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেন, ‘ভোট দিতে পারে না, চাকরির ক্ষেত্রে যেসব তরুণদের মেধার মূল্যায়ন হচ্ছে না-এসব বঞ্চিত তরুণদের নিয়ে আমরা কাজ করছি। এর সংখ্যা মুখে বলা যাবে না। তারা সবাই এই সমাবেশে অংশ নেবে। আগামীকালের জনসভা তরুণের নগরীতে পরিণত হবে।’
আজ শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সুলতান সালাউদ্দিন টুকু সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এ সময় যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আমাদের এই কর্মসূচি শেষ করে আমরা আবার বসব। এরপর নতুন কর্মসূচি ঠিক করে আবার সংবাদ সম্মেলন করে জানিয়ে দেব।’

