মোটরগাড়ি প্রতীকে নিবন্ধন পেল ‘বাংলাদেশ জাসদ’

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ)। দলটির প্রতীক মোটরগাড়ি (কার)। উচ্চ আদালতের আদেশে দলটিকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন সচিবালয়।

বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেন, ‘আদালতের আদেশে আজ সোমবার বাংলাদেশ জাসদ নামে আমাদের নিবন্ধন দেওয়া হয়েছে, দলের প্রতীক মোটর গাড়ি (কার)। ইসির কাছ থেকে এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘সময় খুব কম। আমরা হাতি প্রতীক চেয়েছিলাম, দলের সংরক্ষিত প্রতীকে ইসি এ প্রতীকটি রাখেনি। তাই মোটরগাড়ি দিয়েছে।’

ইসির উপসচিব আব্দুল হালিম খান জানান, আদালতের নির্দেশনা অনুযাযী দলটির নিবন্ধন ও প্রতীক দেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

দ্বাদশ সংসদ নির্বাচনের আগে নতুন এই দলটি নিবন্ধন পাওয়ায় মোট নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়ালো ৪২টিতে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.