গভীর রাতে নিষেধাজ্ঞা না মেনে পদ্মা সেতুতে অটোরিকশা, নদীতে ঝাঁপ চালকের

 

নিষেধাজ্ঞা অমান্য করে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে পদ্মা সেতুতে উঠে নদীতে ঝাঁপ দিয়েছেন এক চালক। গতকাল রবিবার দিবাগত রাত ২টার দিকে সেতুর ২১ নম্বর পিয়ারের কাছে তিনি ঝাঁপ দেন।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মাওয়া নৌ-পুলিশের ইনচার্জ মাহবুব হোসেন। তিনি জানান, ওই অটোরিকশাচালক জাজিরা প্রান্ত হয়ে উল্টাপথে সেতুতে উঠে যান। বিষয়টি টের পেয়ে নিরাপত্তারক্ষীরা তাকে ধাওয়া করেন। পরে সেতুর ২১ নম্বর পিয়ারের কাছে গিয়ে অটোরিকশা রেখে তিনি নদীতে ঝাঁপ দেন। সোমবার দুপুর ১২টা পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন গণমাধ্যমকে জানান, রাতে সেতুর নিরাপত্তাকর্মীরা অটোরিকশাটি থানা নিয়ে আসেন। তারা অটোচালকের ঝাঁপ দেওয়ার তথ্য আমাদের জানান। ঘটনাস্থল দক্ষিণ থানার অধীনে। নিখোঁজের পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ঘটনা আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। 

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারত হোসেন গণমাধ্যমকে জানান, মধ্যরাতে পদ্মা সেতুর নিরাপত্তাকর্মী মো. সোহেল নদীতে অটোরিকশাচালকের ঝাঁপ দেওয়ার তথ্য জানান। পরে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধার অভিযানে নামে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.