মণিপুরে মন্ত্রীর বাড়িতে আগুন

উত্তর-পূর্ব ভারতের মণিপুর রাজ্যের বাণিজ্যমন্ত্রী নেমচা কিপগেনের বাড়িতে আগুন লাগিয়েছে বিক্ষোভকারীরা। সেনা তল্লাশি শুরু হয়েছে এলাকায়।

বুধবার বিকেলে রাজ্যের একমাত্র নারী মন্ত্রীর বাড়িতে হামলা চালায় বিক্ষোভকারীরা। তার বাড়িতে আগুন লাগিয়ে দেয়া হয়। মন্ত্রী অবশ্য ওই সময় বাড়িতে ছিলেন না।

মঙ্গলবার থেকেই অশান্ত মণিপুরের ইম্ফল পশ্চিম অঞ্চল। মঙ্গলবারের সঙ্ঘাতে নয়জনের মৃত্যু হয়েছিল।

অগ্নিকাণ্ডের কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় সেনা বাহিনী। তবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

মণিপুরের মুখ্যমন্ত্রী বিরেন সিংয়ের ১২ জনের মন্ত্রিসভায় অন্যতম সদস্য কিগপেন। জনজাতি অধ্যুষিত অঞ্চল থেকে নির্বাচিত হয়েছেন ওই কুকি প্রতিনিধি। সঙ্ঘাত শুরু হওয়ার পর কিগপেনসহ ১০ জন কুকি জনপ্রতিনিধি পৃথক কুকি প্রশাসনিক কাঠামোর দাবি জানিয়েছিলেন। তিনি ছাড়াও আরো ছয়জন মণিপুর রাজ্যের ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়ক এ দাবি জানিয়েছেন।

তার বাড়িতে হামলায় মেইতেইরা যুক্ত বলে স্থানীয় সংবাদপত্রের একটি অংশ দাবি করেছে। কিন্তু প্রশাসনের তরফে এখনো কিছু জানানো হয়নি।

গত ২৪ ঘণ্টায় ওই অঞ্চলে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। বহু মানুষ আহত ও ঘরছাড়া হয়ছে। বিভিন্ন এলাকায় এখনো গুলির আওয়াজ পাওয়া যাচ্ছে। রাজধানী ইম্ফলসহ একাধিক জায়গায় কারফিউ চলছে। বন্ধ ইন্টারনেট পরিষেবা।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি মণিপুরে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এসেছেন। সেনা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। এরপরেই মুখ্যমন্ত্রী বিরেন সিংহের নেতৃত্বে একটি শান্তিরক্ষা কমিটি তৈরি হয়। কিন্তু মেইতেই ও কুকি দু’পক্ষই ওই শান্তিরক্ষা কমিটি মানতে রাজি হয়নি।
সূত্র : ডয়চে ভেলে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.