পবিত্র ঈদুল আজহার দিন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গরুবোঝাই পিকআপ ও আমবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। এ সময় পিকআপে থাকা তিনটি গরুও মারা গেছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাইবান্ধা সদর থানার ফুলবাড়ি গ্রামের হাবিবুর রহমানের ছেলে সুজন (৩২), সাঘাটা উপজেলার হাসিলকান্দি গ্রামের সবুর হোসেনের ছেলে রাব্বি (২৬), নাটোরের বাগাতিপাড়া উপজেলার প্যারাবাড়িয়া গ্রামের সোহরাব আলীর ছেলে রানা (৩০) ও একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে আয়ান (৪)।
এ সময় নিহত শিশু আয়ানের বাবা শরিফুল ইসলাম ও মা স্ত্রী শাপলা খাতুন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল কবির জানান, রাজশাহী থেকে হাটিকুমরুলগামী আমবোঝাই ট্রাকটি ও নাটোরের বনপাড়াগামী গরুর পিকআপটি রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা শিশুসহ চারজন মারা যান এবং আর দুজন আহত হন। এ সময় পিকআপে থাকা তিনটি গরুও মারা যায়।
চারজনের মরদেহ ও দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো থানায় নেওয়া হয়েছে। হতাহতরা সবাই গরুবোঝাই পিকআপের যাত্রী হিসেবে বাড়ি ফিরছিলেন বলেও জানান হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

