দীর্ঘ অপেক্ষার অবসানের পর ভারতে নতুন সংসদ ভবনের উদ্বোধন করা হলো। রোববার সকালে পূজা পাঠ শুরু মাধ্যমে নতুন এই সংসদ ভবন উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে এ তথ্য।
এনডিটিভি জানায়, রোববার সংসদ ভবন উদ্বোধন উপলক্ষে সকাল সোয়া ৭টার দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছান নরেন্দ্র মোদি। সংসদ চত্বরে এসে মহাত্মা গান্ধীর প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর তিনি লোকসভার স্পিকার ওম বিড়লার সাথে নতুন ভবনের উদ্বোধনের জন্য পূজায় অংশ নেন।
এ সময় ক্ষমতা হস্তান্তরের প্রতীক সোনার রাজদণ্ড বা সেঙ্গল স্পিকারের আসনের পাশে স্থাপন করা হয়। পবিত্র বেদমন্ত্র উচ্চারণের মাধ্যমে এই সেঙ্গল স্থাপন করা হয়।
এদিকে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের আওতায় তৈরি এই ভবনের উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি খোদ দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। তার আমন্ত্রণ না পাওয়ায় এ নিয়ে তুমুল বিতর্কে জড়িয়েছিলেন ক্ষমতাসীন বিজেপি ও বিরোধী দলের নেতারা। গত বুধবার ১৯টি বিরোধী দল উদ্বোধনী অনুষ্ঠান বয়কটেরও ঘোষণা দিয়েছিলেন।
নয়া দিল্লিতে অবস্থিত নতুন সংসদ ভবনটি ত্রিভুজাকার আকৃতির ডিজাইনে নির্মিত হয়েছে। মোট নয় হাজার শ্রমিক দ্বারা নতুন সংসদ ভবন নির্মাণে খরচ হয়েছে ১২০০ কোটি রুপি। এই ভবনের আর্কিটেক্ট ডিজাইন করেন স্থপতি বিমল প্যাটেল। স্থাপত্য সংস্থা হলো এইচসিপি ডিজাইনের প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড এবং প্রধান ঠিকাদার টাটা প্রজেক্টস লিমিটেড।

