বিএনপি নেতা অপুকে জনসমক্ষে হাজিরের আহ্বান মির্জা ফখরুলের

রাজধানীর হাতিরঝিল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন চৌধুরী অপুকে জনসমক্ষে হাজির করার আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

রোববার সন্ধ্যায় ইফতার করে বাসা থেকে বের হওয়ার পর আশরাফ উদ্দিন চৌধুরী অপুকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকধারী কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বিবৃতিতে বলা হয়, বিনা কারণে আশরাফ উদ্দিন চৌধুরী অপুকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যাওয়ায় এবং এখন পর্যন্ত তার কোনো সন্ধান না দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ যখন গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূলের ঊর্ধ্বগতিতে দিশেহারা, ঠিক তখনই এই অবৈধ গণবিচ্ছিন্ন সরকার এগুলো আড়াল করতে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গুম-খুন, মামলা, হামলা, গ্রেপ্তার এবং গ্রেপ্তারের পর স্বীকার না করার যে অমানবিক ও ঘৃণ্য খেলায় মেতেছে তা নজীরবিহীন।

বিএনপি মহাসচিব বলেন, বর্তমান শাসকগোষ্ঠী রাষ্ট্রক্ষমতা আঁকড়ে রাখতে এখন আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালাতে বেপরোয়া হয়ে উঠেছে। এ ধরনের মানবতাবিরোধী কর্মকাণ্ড সংঘটিত করে দেশকে এক ভয়াবহ নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে সরকার, যা শুভ লক্ষণ নয়। বিরোধী নেতাকর্মীসহ দেশের মানুষ এখন গুম-অপহরণের চিন্তায় সর্বদা আতঙ্কিত অবস্থায় দিন অতিবাহিত করছে।

বিবৃতিতে আশরাফ উদ্দিন চৌধুরী অপুকে আটকের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত স্বীকার না করায় গভীর উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। একই সঙ্গে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আশরাফ উদ্দিন চৌধুরী অপুকে জনসমক্ষে হাজির করার জোর দাবি জানান তিনি।

facebook sharing button
twitter sharing button

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.