৯৬ ঘণ্টা পর একই পরিবারের ৫ সদস্য জীবিত উদ্ধার

তুরস্কে ভূমিকম্পের পর ৯৬ ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে আটকে ছিলো একই পরিবারের ৫ সদস্য। অবশেষে শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনাটি দেশটির দক্ষিণাঞ্চলের হাতায়ের।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) আনাদোলু নিউজ এজেন্সির বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, দেড় বছর বয়সী ওই শিশুর নাম সেলা এলবারাজি। তার মা, বাবা, ভাই ও চাচাকেও এ সময় উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানের পর তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে তুরস্ক-সিরিয়ার সীমান্ত অঞ্চলে বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। ধ্বংসস্তূপে চাপা পড়া লোকজনকে উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা। বিভিন্ন দেশ থেকে উদ্ধার কাজে যোগ দিয়েছে কয়েক হাজার সদস্য।

শুধু তুরস্কেই এ পর্যন্ত মারা গেছেন ১৭ হাজার ৬৭৪ জন। অন্যদিকে, সিরিয়ায় কমপক্ষে ৩ হাজার ৩৭৭ জনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.