আদানি-কাণ্ডের জেরে ডাও জোন্স সূচকে পতন আমেরিকায়

গৌতম আদানির সংস্থার ধাক্কায় ‘নড়ে গেল’ আমেরিকার শেয়ার বাজার! বৃহস্পতিবার রাতে বাজার খোলার কিছু ক্ষণ পরে আদানি গোষ্ঠীর শেয়ার দরের পতন ঘটতে শুরু করে। যার প্রভাব পড়ে ডাও জোন্স সূচকেও।

শুক্রবার শেয়ার বাজারে আদানি এন্টারপ্রাইজ়েসের শেয়ারের দর ১০ শতাংশ পড়ে যায়। এই পরিস্থিতিতে আদানি পাওয়ার, আদানি গ্রিন এনার্জি, আদানি টোটাল গ্যাস (যার ৩৭.৪ শতাংশ শেয়ার ফরাসি সংস্থা টোটালএনার্জির হাতে) এবং আদানি ট্রান্সমিশনের শেয়ার কেনাবেচা সাময়িক ভাবে স্থগিত করা হয়। পরে আবার তা চালু হলেও পতন ঠেকানো যায়নি। সামগ্রিক ভাবে আদানিদের ওই সংস্থাগুলির শেয়ার দর পড়েছে ৫ শতাংশেরও বেশি। আর তার অভিঘাতে ভারতীয় সময় বৃহস্পতিবার রাতে পতন ঘটে ডাও জোন্স সূচকে।

প্রসঙ্গত, গত সপ্তাহে হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশিত হওয়ার পর থেকে ক্রমাগত পড়ছে আদানিদের শেয়ারের দর। গত এক সপ্তাহে দেশের বাজারে বিপুল ক্ষতির মুখোমুখি হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ শিল্পপতি আদানির সংস্থা। এই পরিস্থিতিতে বুধবার রাতে আদানি এন্টারপ্রাইজ়েস ২০ হাজার কোটি টাকার নতুন শেয়ার ছাড়ার (এফপিও) প্রক্রিয়া স্থগিত করার কথা ঘোষণা করায় সঙ্কট আরও গভীর হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.