রাজনৈতিক বন্দিদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদী গণঅবস্থান কর্মসূচি পালন করেছে গণতন্ত্র মঞ্চ। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এই গণঅবস্থান কর্মসূচি পালন করে। এসময় তারা বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ১৬ই জানুয়ারি সকাল ১১ টায় বিআরসি ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন।
গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাউয়ুমের সভাপতিত্বে গণঅবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক রফিকুল ইসলাম বাবলু, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জেএসডির সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন, গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক রাশেদ খানসহ গণতন্ত্র মঞ্চের বিভিন্ন নেতাকর্মীরা।

