বিএনপির ২৭ দফার রূপরেখা ‘হাস্যকর’ : কাদের

সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ২৭ দফার রূপরেখা ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত খাদ্য উপ কমিটির প্রস্তুতি সভায় তিনি এ মন্তব্য করেন। প্রস্তুতি সভা আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে রাজধানীর এক অভিজাত হোটেলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এই রূপরেখা তুলে ধরেন।

যে বিএনপি দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার দৃঢ়তায় বাংলাদেশ আজকে সমৃদ্ধ। গণতন্ত্রের নামে হ্যাঁ/না ভোট করে বিএনপি ভোট চুরি করেছে, ধ্বংস করেছে মুক্তিযুদ্ধের চেতনা। যারা ধ্বংস করে তারা মেরামত করবে কী করে? এটা অত্যন্ত হাস্যকর স্ট্যান্টবাজি। তারা ক্ষমতায় এলে রূপরেখা বাস্তবায়ন হবে না, আসলে নদীতে ভেসে যাবে।

বিএনপিকে মিথ্যাচারের হোতা বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের মুখে সত্য বেমানান। বিএনপিকে কেউ বিশ্বাস করে না। ক্ষমতায় যাওয়ার জন্য তারা মাঠে থাকলেও সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে পারেনি।

তিনি আরও বলেন, দেশের মানুষ এখনও বিশ্বাস করে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। এটা প্রমাণিত সত্য যে, বিএনপি সন্ত্রাস-জঙ্গিবাদের পৃষ্ঠপোষক।

খাদ্য উপ-কমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে এতে আরও অংশ নেন দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ উপ-কমিটির সদস্যরা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.