নতুন বছরে চীনে করোনা সংক্রমণের হার আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুর সংখ্যাও চিন্তা বাড়াতে পারে।
লন্ডনের গবেষণা সংস্থা এয়ারফিনিটি লিমিটেড জানিয়েছে, জানুয়ারি মাসের শেষ দিকে চীনে দৈনিক করোনায় মৃত্যুর সংখ্যা ছুঁতে পারে ২৫ হাজার। ২৩ জানুয়ারি করোনায় মৃত্যুর হার অনেক বাড়তে পারে। তার আগের দিন, ২২ জানুয়ারি রয়েছে ‘লুনার নিউ ইয়ার’। ফলে সেই সময়ই সংক্রমণের দাপট আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
ওই গবেষণা সংস্থার দাবি, চীনে বর্তমানে রোজ করোনায় নয় হাজার জনের মৃত্যু হচ্ছে। দৈনিক সংক্রমিতের সংখ্যা ১০ লাখেরও বেশি। আগামী বছরের এপ্রিল মাসের শেষে চীনে কোভিডে মৃত্যুর সংখ্যা ১০ লাখ ছাড়াতে পারে। যদিও রোজ কত সংখ্যক করোনায় সংক্রমিত হচ্ছেন, সেই পরিসংখ্যান প্রকাশ করা বন্ধ রেখেছে শি জিনপিংয়ের সরকার। এ কারণে চিনের কোভিড পরিস্থিতি নিয়ে আরো উদ্বেগ রয়েছে।
২০১৯ সালের শেষ দিকে চীনেই প্রথম করোনাভাইরাসের সংক্রমণের খবর প্রকাশিত হয়। তারপর ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে সংক্রমণ। চলতি বছরের মাঝামাঝি সময় থেকে বিভিন্ন দেশে সংক্রমণ হার কমতে থাক। তবে বছরের শেষে চিনে নতুন করে চোখ রাঙাতে থাকে করোনা। সংক্রমণ মোকাবিলায় এর আগে কঠোর বিধিনিষেধ জারি করেছিল জিনপিং সরকার। জিরো কোভিড নীতির প্রতিবাদে শামিল হন চীনের বহু মানুষ। দেশের নাগরিকদের প্রতিবাদে বিধিনিষেধ শিথিল করা হয় চিনে। তারপরই সংক্রমণ বাড়তে থাকে সে দেশে।

