ধর্মঘট পেরিয়ে ফরিদপুরে বিএনপি নেতাকর্মীদের ভিড়

 

মহাসড়কে থ্রি-হুইলার বন্ধের দাবিতে ফরিদপুরে আজ শুক্রবার সকাল থেকে চলছে পরিবহণ ধর্মঘট। তবে জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের এ কর্মসূচি উপেক্ষা করে সমাবেশস্থলে পৌঁছে গিয়েছেন বিএনপি নেতাকর্মীদের একটি অংশ।

সরেজমিনে নগরের বিভিন্ন অংশ ও সমাবেশস্থলে বিএনপি নেতাকর্মীদের জটলা চোখে পড়েছে। এ ছাড়া জেলার বিভিন্ন সড়কে বিকল্প যানে তাদের আসতে দেখা যায়।

বিএনপি নেতাদের অভিযোগ, আগামীকাল শনিবার ফরিদপুর বিভাগীয় গণসমাবেশের ব্যাঘাত ঘটাতেই এই ধর্মঘটের আয়োজন।

দলটির ফরিদপুর বিভাগীয় গণসমাবেশের সমন্বয়কারী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, বিএনপির গণসমাবেশকে বাধা দেয়ার কারণে দুদিন বাস চলাচল বন্ধ রেখেছে। কিন্তু এতে বিএনপির গণসমাবেশে কোনো সমস্যা হবে না। তবে ভোগান্তিতে পড়তে হবে সাধারণ মানুষকে।

আজ সকাল ৬টায় শুরু হওয়া এ ধর্মঘট শনিবার রাত ৮টা পর্যন্ত মোট ৩৮ ঘণ্টা চলবে। এতে সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

ধর্মঘটে আঞ্চলিক ও দূরপাল্লার বাস-মিনিবাসের পাশাপাশি সরকারি পরিবহন বিআরটিসির বাস চলাচলও বন্ধ রয়েছে।

ফরিদপুর বিআরটিসি বাস পরিবহনের সহকারী পরিচালক মামুন হাসান বলেন, শুক্র ও শনিবার ফরিদপুর থেকে সব রুটে বিআরটিসি বাস চলাচল বন্ধ থাকবে। বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ মহাসড়কে সব ধরনের অবৈধ থ্রি-হুইলার বন্ধের জন্য এ ধর্মঘটের ডাক দেন। আমরাও এ দাবি মেনে নিয়ে বাস চলাচল বন্ধ করে দিয়েছি। শুক্র ও শনিবার বাস কাউন্টারও বন্ধ থাকবে।

তিনি আরো জানান, সরকারের কাছ থেকে বাস ইজারা নিয়ে চালাই। তাদের কথা শুনতে হয়। আবার বাসের সঙ্গে শ্রমিকরা জড়িত, তাই তাদের দাবিও মানতে হয়।

ধর্মঘটের পক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে শহরে মাইকিং করা হয়।

এ দিকে সমাবেশস্থলে রাতব্যাপী গানের আয়োজন করেছে বিএনপি। সুত্র, বনিক বার্তা ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.