ফরিদপুরে ১২ নভেম্বর গণসমাবেশ করবে বিএনপি। গণসমাবেশে ফরিদপুর ছাড়াও আশেপাশের জেলা থেকে লক্ষাধিক লোকের সমাগম হবে। গণসমাবেশ সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসন ও গণমাধ্যম সহ সকলের সহযোগিতা কামনা করেছেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় গণসমাবেশের সমন্বয়ক শামা ওবায়েদ ইসলাম।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি খুলনা-চট্টগ্রামসহ অন্য বিভাগীয় গণসমাবেশের উদাহরণ টেনে বলেন, ফরিদপুর বিভাগীয় গণসমাবেশ সফল করতে বিএনপিসহ সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে। সকল ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমরা সচেষ্ট। এজন্য সাংবাদিকসহ সকল মহলের সহযোগিতা দরকার। এ সময় গণসমাবেশকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে পাল্টা কর্মসূচি ঘোষণা এবং পরিবহন ধর্মঘটের পায়তারা চালানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, সকল প্রতিবন্ধকতা পেরিয়ে জনগণ সমাবেশে যোগ দেবে। কোনো পরিস্থিতিই এই গণসমাবেশ বানচাল করতে পারবে না। সমাবেশমুখী জনস্রোত কেউ কোনোভাবেই রুখতে পারবে না।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামা ওবায়েদ জানান, ফরিদপুরের বিভাগীয় গণসমাবেশের জন্য সরকারি রাজেন্দ্র কলেজের মাঠসহ আরো কয়েকটি বিকল্প স্থান উল্লেখ করে প্রশাসনের নিকট এই সমাবেশ আয়োজনের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। এর মধ্যে রাজেন্দ্র কলেজের মাঠেই যাতে অনুমতি দেয়া হয় সেজন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। তবে শুক্রবার পর্যন্ত অনুমতি দেয়া হয়নি বলেও জানা তিনি।
ফরিদপুরের বিভাগীয় গণসমাবেশকে ঘিরে কিছু অনাকাঙ্খিত ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, আলফাডাঙ্গায় গণসমাবেশ উপলক্ষে আয়োজিত সভামঞ্চ ভেঙে তছনছ করা হয়েছে। মুকসুদপুরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গণসমাবেশের লিফলেট বিতরণ করতে গেলে সেখানকার ১৪ জন নেতাকর্মীকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে। শহরের ঈশান গোপালপুরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করার সময় সেখানে হেলমেট বাহিনী মহড়া দিয়ে ত্রাস সৃষ্টির চেষ্টা চালিয়েছে।
শামা ওবায়েদ বলেন, দু’মাস আগেই এই বিভাগীয় গণসমাবেশের তারিখ ঘোষণা করা হয়। অথচ ফরিদপুরের বিভাগীয় গণসমাবেশের আগের দিন ফরিদপুরে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি দেয়া হয়েছে। এছাড়া জনগণের দুর্ভোগের কথা বিবেচনায় না রেখে এই গণসমাবেশের দু’দিন আগে থেকেই পরিবহন ধর্মঘটের নামে গণপরিবহন চলাচল বন্ধ করার পায়তারা চালানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্য দেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা। এ সময় বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, সেলিমুজ্জামান সেলিম, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম, জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম টুলু, এবি সিদ্দিকী মিতুল, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম টি আক্তার টুটুল, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, সদস্য তানভীর চৌধুরী রুবেল, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, বিএনপি নেতা মিজানুর রহমান মিনান, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

