বরাত জোরে বেঁচে গিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। আর সে জন্য বরাত নয়, আল্লাহকেই ধন্যবাদ জানালেন তিনি। একটি বিবৃতি দিয়ে সে কথা জানালেন। ডান পায়ে বুলেট লেগে এখন লাহোরের হাসপাতালে চিকিৎসাধীন ইমরান।
বিবৃতিতে ইমরান জানিয়েছেন, ‘‘আল্লা আমায় আরও একটা জীবন দিলেন। আল্লাহর ইচ্ছায় আমি আবার লড়াই করব।’’ ঘটনায় জখম ইমরানের দল পাকিস্তান তেহরিক-ইনসাফ (পিটিআই)-এর সেনেটর ফয়জল জাভেদ। পিটিআইয়ের আর এক প্রাক্তন মন্ত্রী ফাওয়াদ চৌধুরি দাবি করেছেন, ইমরানের উপর একে-৪৭ থেকে হামলা চালানো হয়েছিল। গোটা ঘটনায় আহত হয়েছেন অন্তত ন’জন। সুপ্রিমোকে হামলার প্রতিবাদে লাহোরের লিবার্টি চকে কর্মী, সমর্থকদের জড়ো হওয়ার আবেদন জানিয়েছেন পিটিআইয়ের শীর্ষ নেতারা।

