বনানীতে মেয়ের কবরে চিরশায়িত তোয়াব খান

একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খানকে বনানী কবরস্থানে বড় মেয়ে এষা খানের কবরে সমাহিত করা হয়েছে।

সোমবার (৩ অক্টোবর) বাদ-আছর গুলশান আজাদ মসজিদে তৃতীয় জানাজা শেষে তোয়াব খানকে চিরশায়িত করা হয়।

এর আগে তোয়াব খানের সর্বশেষ কর্মস্থল দৈনিক বাংলা কার্যালয়ে সকাল সাড়ে ১০টায় প্রথম জানাজা সম্পন্ন হয়। এরপর তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

পরে দুপুর ১টার দিকে জাতীয় প্রেস ক্লাবে তোয়াব খানের নেওয়া দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। প্রেস ক্লাবে তোয়াব খানের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাংবাদিকরা।

এরপর মরদেহ গুলশানে নেওয়া হলে বাদ-আছর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বর্ষীয়ান এ সাংবাদিককে বনানী কবরস্থানে তার বড় মেয়ের কবরে দাফন করা হয়।

উল্লেখ্য, গত শনিবার (১ অক্টোবর) বার্ধক্যজনিত জটিলতায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তোয়াব খানের মৃত্যু হয়।

বর্ষীয়ান এই সাংবাদিক ১৯৩৪ সালের ২৪ এপ্রিল সাতক্ষীরা জেলার রসুলপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৬ সালে একুশে পদক পান। একই বছর তাকে সম্মানিত ফেলো নির্বাচন করে বাংলা একাডেমি।

১৯৫৩ সালে সাপ্তাহিক জনতার মাধ্যমে সাংবাদিকতা জীবন শুরু করে তোয়াব খান। ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব ছিলেন। প্রধান তথ্য কর্মকর্তা ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালকের দায়িত্বও পালন করেন তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.