আফ্রিকায় বিস্ফোরণে বাংলাদেশি তিন শান্তিরক্ষী নিহত

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে অপারেশন কার্যক্রম পরিচালনার সময় বিস্ফোরণে বাংলাদেশি তিন শান্তিরক্ষী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও একজন।

মঙ্গলবার (৪ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিহত শান্তিরক্ষীরা হলেন সৈনিক জসিম উদ্দিন (বয়স: ৩১, গ্রাম: কাটিজা, থানা: বিজয়নগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া), সৈনিক জাহাংগীর আলম (বয়স: ২৬, গ্রাম: দক্ষিণ টিট পাড়া, থানা: ডিমলা, জেলা: নিলফামারী) ও সৈনিক শরিফ হোসেন (বয়স: ২৬, গ্রাম: বাড়াক রুয়া, থানা: বেলকুচি, জেলা: সিরাজগঞ্জ)।

এ ঘটনায় আহত হয়েছেন টহল কমান্ডার মেজর আশরাফুল হক।

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের পশ্চিম সেক্টরে বোয়ার এলাকায় মোতায়েন করা বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদাতিক ব্যাটালিয়ন (ব্যানব্যাট-৮) ২০২১ সালের ৯ নভেম্বর থেকে বিস্তীর্ণ এলাকাজুড়ে শান্তিরক্ষায় নিয়োজিত রয়েছে।

বাংলাদেশ সময় রাত ১টা ৩৫ মিনিটে ফেরার পথে টহল কমান্ডার মেজর আশরাফুল হককে বহনকারী প্রথম গাড়িটি মাটিতে পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে পড়ে। এতে গাড়িটি প্রায় ১৫ ফুট দূরত্বে ছিটকে পড়ে। আর ঘটনাস্থলেই সৈনিক শরিফ, সৈনিক জাহাংগীর ও সৈনিক জসিম মারাত্মকভাবে আহত হন।

ঘটনার পরপরই আহত শান্তিরক্ষীদের জরুরিভিত্তিতে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৩ সৈনিককে মৃত ঘোষণা করেন। আহত মেজর মো. আশরাফুল হক চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিয়োজিত অন্যান্য শান্তিরক্ষীরা নিরাপদে আছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.