বগুড়ায় বাস উল্টে ২ নারীর মৃত্যু

বগুড়ার নন্দীগ্রামে যাত্রীবাহী বাস উল্টে দুই নারী নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেলে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কাথম-কালিগঞ্জ সড়কে দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নন্দীগ্রাম উপজেলার রনজাই তেঘরি গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী তাহেরা খাতুন (২২) ও নাটোর জেলার সিংড়া উপজেলার হাপানিয়া গ্রামের জমসেদ আলীর মেয়ে জুথি (২২)।

জানা গেছে, বগুড়া থেকে একটি যাত্রীবাহী বাস (টাঙ্গাইল -ব ০১৪২) নন্দীগ্রাম উপজেলার পন্ডিতপুকুর যাচ্ছিল। বিকেল সাড়ে ৩টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কাথম-কালিগঞ্জ সড়কে নন্দীগ্রাম উপজেলার দলগাছা এলাকায় সড়কের পাশে খাদে উল্টে যায়। এতে কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হন।

স্থানীয় লোকজনের সহযোগিতায় নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করেন। আহতদের মধ্যে গুরুতর ৫ জনকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে দুই জন মারা যান।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালক, হেলপার পালিয়ে গেছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.