হেডফোনে গান শুনছিল, ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

দিনাজপুরে বিরামপুর উপজেলার পলাশবাড়ীতে ট্রেনের ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে পলাশবাড়ী রেল গেটের ৫০০ গজ দক্ষিণ দলদলিয়া পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন, পৌরশহরের ইসলামপাড়া এলাকার মাহফুজুর রহমানের ছেলে শাহরিয়ার হাসান (১৪)। তিনি স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন।

নিহত স্কুলছাত্রের বাবা মাহফুজুর রহমান বলেন, শনিবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বের হন শাহরিয়ার। পরে পলাশবাড়ী এলাকায় ঘুরতে যায়। সেখানে কানে হেডফোন লাগিয়ে রেললাইনে বসে গান শুনছিল শাহরিয়ার। এ সময় ঢাকা থেকে পঞ্চগড়গামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় শাহরিয়ার।

এ বিষয়ে হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কায়কোবাদ বলেন, এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.