‘মেসিকে ইনজুরিতে ফেলো না, তোমাকে মেরে ফেলবো’

বিশ্বকাপ শুরু হতে আর তিন মাসও বাকি নেই। এই প্রতিযোগিতায় ফেভারিট হিসেবে মাঠে নামবে আর্জেন্টিনা। কিন্তু দলের প্রাণভোমরা লিওনেল মেসিকে নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছেন সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। কারণ চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে সাতবারের ব্যালন ডি’অর জয়ীর মুখোমুখি হচ্ছেন তার জাতীয় দলের সতীর্থ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি।

বৃহস্পতিবার গ্রুপ পর্বের ড্র হয়েছে। ‘এইচ’ গ্রুপে জায়গা পেয়েছে মেসির ক্লাব পিএসজি, যেখানে তাদের সঙ্গে আছে ওটামেন্ডির ক্লাব বেনফিকা। এই আর্জেন্টাইন ডিফেন্ডার যে কতটা আগ্রাসী সেটা একসঙ্গে খেলার সুবাদে ভালোভাবে জানা আছে আগুয়েরোর। তাই ওটামেন্ডিকে সতর্ক করে দিলেন, যেন মেসিকে ইনজুরিতে না ফেলেন।

ওটামেন্ডিকে রীতিমতো হুমকি দিয়েছেন আগুয়েরো। নিজের টুইচ চ্যানেলে সাবেক ম্যানসিটি স্ট্রাইকার বলেছেন, ‘ওটামেন্ডি লিওকে ইনজুরিতে ফেলো না, কারণ আমি তোমাকে মেরে ফেলবো। বিশ্বকাপ আসছে।’

আগুয়েরো আরেকজনের ব্যাপারে ওটামেন্ডিকে সতর্ক করলেন। একই গ্রুপে আছেন আরেক আর্জেন্টাইন অ্যাঞ্জেল ডি মারিয়া, যিনি সম্প্রতি পিএসজি ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েছেন। ইতালিয়ান ক্লাবটির বিপক্ষে ওটামেন্ডিকে একটু দেখেশুনে খেলতে বলেছেন ‘কুন’, ‘আর হ্যাঁ, তুমি কিন্তু ‘ফিডেও’-কেও (অ্যাঞ্জেল ডি মারিয়া) জুভেন্টাসে পাবে।’

‘এইচ’ গ্রুপে পিএসজি, বেনফিকা ও জুভেন্টাসের সঙ্গে অন্য দল মাকাবি হাইফা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.