ভক্তের পা ছুঁলেন হৃতিক

জনপ্রিয় বলিউড অভিনেতা হৃতিক রোশান। ব্যক্তিগত জীবনে বেশ বিনয়ী তিনি। এবার ভক্তের পা ছুঁলেন এই অভিনেতা।

শনিবার (২৭ আগস্ট) একটি ফিটনেস ব্র্যান্ড আয়োজিত অনুষ্ঠানে হাজির হয়েছিলেন হৃতিক। হলুদ টি-শার্ট, সাদা ক্যাপ এবং সাদা প্যান্টে নজরকাড়া লুকে ছিলেন এই অভিনেতা। অনুষ্ঠানে এই তারকার হাত থেকে উপহার নেন কয়েকজন ভক্ত। এই সময় মঞ্চে হৃতিকের পা ছুঁয়ে সালাম করেন এক ভক্ত। এর প্রতিক্রিয়ায় হৃতিকও সেই ভক্তের পা ছুঁয়ে সালাম করেন।

এদিকে প্রিয় তারকার এমন আচরণে বেশ বিব্রত হয়ে পড়েন সেই ভক্ত। পরে তাকে জড়িয়ে ধরেন হৃতিক। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিওটি ভাইরাল হয়েছে। এরপর থেকে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন ‘ওয়ার’ সিনেমাখ্যাত এই তারকা। একজন লিখেছেন, ‘খুবই বিনয়ী একজন মানুষ।’ অপর একজন লিখেছেন, ‘হৃতিক, খুবই মিষ্টি একজন মানুষ।’

হৃতিক রোশান অভিনীত পরবর্তী সিনেমা ‘বিক্রম বেদা’। সম্প্রতি প্রকাশিত এই সিনেমার ট্রেইলার দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে। অ্যাকশন-থ্রিলারধর্মী এই সিনেমায় আরো আছেন সাইফ আলী খান। সিনেমাটিতে হৃতিককে দেখা যাবে গ্যাংস্টার বেদার চরিত্রে। তামিল ভাষার একই নামের ব্যবসাসফল একটি সিনেমার রিমেক এটি। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন— রাধিকা আপ্তে, রোহিত শরফ, সত্যদীপ মিশ্র প্রমুখ। আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘বিক্রম বেদা’।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.