খুলনায় ব্যবসায়ীদের ধর্মঘট, ১৪ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

জ্বালানি তেলে কমিশন এবং ট্যাংকলরি ভাড়া কমানোর প্রতিবাদে তিন দফা দাবিতে খুলনার তিনটি ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছেন জ্বালানি তেল ও ট্যাংকলরি মালিকরা। এর ফলে খুলনা বিভাগের ১০ জেলা ও বৃহত্তর ফরিদপুরের চার জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন জ্বালানি তেল ও ট্যাংকলরি মালিকরা। বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘জ্বালানি তেলের কমিশন বৃদ্ধি, ট্যাংকলরি ভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবি জানিয়ে আসছি। গতকাল রাতে তেলের দাম কমানোর পাশাপাশি আমাদের কমিশন ও ট্যাংকলরি ভাড়া কমানো হয়েছে। এর প্রতিবাদে আজ সকাল ৮টা থেকে তেল উত্তোলন বন্ধ রেখেছে ব্যবসায়ীরা।’

ব্যবসায়ীরা জানান, গতকাল রাতে জ্বালানি তেলের দাম ৫ টাকা কমানো হয়েছে। সেই সঙ্গে জ্বালানি তেলের কমিশন লিটারে ১৩ পয়সা এবং ট্যাংকলরি ভাড়া ৩ পয়সা কমানো হয়েছে। যার প্রতিবাদে আজ ধর্মঘট পালন করছেন তারা।

বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স এসোসিয়েশনের সভাপতি সাজ্জাদুল ইসলাম কাবুল বলেন, ‘তিন দফা দাবি জানিয়ে আমরা কর্মসূচি ঘোষণা দিয়েছিলাম। আমাদের দাবির বিষয়ে সুরহা হবে এমন কথা বলা হয়। অথচ রাতে দেখলাম কমিশন বাড়ানোর স্থানে উল্টো কমানো হয়েছে। সেই সঙ্গে ট্যাংকলরি ভাড়া কমানো হয়েছে।’

সকালে খুলনার ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে ধর্মঘট পালন করছে ব্যবসায়ীরা। অনির্দিষ্টকালে জন্য এই ধর্মঘট চলবে বলেও জানান সাজ্জাদুল ইসলাম কাবুল।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.