কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যানকে ছুরিকাঘাত 

কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দীন (৫৫) আহত হয়েছেন।

রোববার (২৮ আগস্ট) রাত ১১ টার দিকে উপজেলার কালিদাশপুরে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, চেয়ারম্যান হেলাল উদ্দীন ব্যক্তিগত কাজ শেষ করে কালিদাসপুর বাজার থেকে হেটে বাড়ি ফিরছিলেন। এ সময় একটি মোটরসাইকেল করে দু’জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তার পেটে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। এ সময় রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, চেয়ারম্যান হেলাল উদ্দীনের আঘাত খুব গুরুতর না হলেও কিছুটা রক্তক্ষরণ হয়েছে।
দৌলতপুর থানার (ওসি) এসএম জাবিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারা তাকে ছুরিকাঘাত করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.