বিদ্যুতের পরিবর্তে জনগণকে খাম্বা দিয়েছিল বিএনপি : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির শাসনামলে জনগণকে বিদ্যুতের এর পরিবর্তে খাম্বা এবং পুলিশের গুলিতে লাশ উপহার দিয়েছিল।’

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অন্তর্ভুক্ত নবগঠিত ৭৫টি ইউনিট কমিটির পরিচিতি সভায় এ কথা বলেন ওবায়দুল কাদের।

সারা বিশ্বেই এখন বিদ্যুৎ এর সমস্যা, সবাইকে ধৈর্য ধরে এ সমস্যার মোকাবিলা করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতারা যখন বিদ্যুৎ নিয়ে কথা বলে তখন তাদের শাসনামলের ঘণ্টার পর ঘণ্টার লোডশেডিং এর সেই দুঃসময়ের কথা মনে পড়ে।বিএনপি নেতাদের যদি লজ্জা শরম থাকত, তাহলে তারা লোডশেডিং নিয়ে কথা বলত না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনার মতো সৎ ও দক্ষ নেতা ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশ এখনও বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ব অর্থনীতিতে ভারসাম্য বজায় বজায় রেখেছে।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে পরিচিতি সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.