এক ট্রাকচাপায় আরেক ট্রাকের হেলপার নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল-ডেমরা রোড এলাকায় ট্রাকচাপায় সিদ্দিক আলী (৩৪) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সকাল পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। সিদ্দিক আলীর পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি ট্রাকের হেলপার ছিলেন বলে জানা গেছে।

সিদ্দিক আলীকে ঢামেকে নিয়ে আসা আব্দুল জলিল বলেন, সিদ্দিক পেশায় ট্রাকের হেলপার ছিলেন। মাতুয়াইল-ডেমরা রোডে একটি ট্রাক তাকে চাপা দেয়। তিনি পাশে আরেকটি ট্রাকে ছিলেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.