ইআরডি’র সাবেক সচিব মনোয়ার আহমেদ আর নেই

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সাবেক সচিব মনোয়ার আহমেদ ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যায় নয়া দিল্লীতে একটি হাসপাতালে ওপেন হার্ট সার্জারির সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ইআরডি ও মনোয়ার আহমেদের পরিবার বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, ভারতের সব কার্যক্রম শেষ করেই মনোয়ার আহমেদের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। সাবেক সিনিয়র সচিব শাহিন আহমেদ চৌধুরী তার স্ত্রী। পরিকল্পনা কমিশনের সদস্য থেকে অবসরে যান মনোয়ার আহমেদ। মৃত্যুকালে তিনি দুই পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মনোয়ার আহমেদের জন্মস্থান নবাবগঞ্জ উপজেলার আগলায়। বাবা মরহুম বদরুদ্দীন আহমদ ওরফে বদু পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক হিসেবে ঢাকায় কর্মরত ছিলেন। ১৯৮৬ সালে কর্তব্যরত অবস্থায় তার বাবা মৃত্যুবরণ করেন।

অর্থমন্ত্রীর শোক

এদিকে মনোয়ার আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী ব্যক্তিগতভাবে ও অর্থ মন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এক শোক বার্তায় অর্থমন্ত্রী বলেন, মনোয়ার আহমেদ ছিলেন একজন মেধাবী, দক্ষ ও চৌকশ কর্মকর্তা। সততা ও নিষ্ঠার মাধ্যমে তিনি জাতিকে সেবা দিয়ে গেছেন। ইআরডি সচিব হিসেবে উন্নয়ন সহযোগীদের সঙ্গে দেশের স্বার্থ রক্ষায় তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। মনোয়ার আহমেদের সফল এবং বর্ণাঢ্য কর্মজীবন সরকারি কর্মকর্তাদের জন্য দৃষ্টান্ত।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.