রিকশা চালককে হাতুড়িপেটা করলেন এলজিইডি কর্মকর্তা

গাজীপুর কালিয়াকৈর উপজেলার এলজিইডি’র এক কর্মকর্তার বিরুদ্ধে রিকশা চালককে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। ওই রিকশাচালক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৭ জুন) সকাল ১০টার দিকে উপজেলার মাকিষ বাতান এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রিকশা চালকের নাম মো. হান্নান (৩০)। তিনি কালিয়াকৈর উপজেলার ছোট লতিফপুর এলাকার নছিমুদ্দিনের ছেলে। অভিযুক্ত সেলিম হোসেন এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সেলিম হোসেন চলমান কাজ দেখতে মাকিষ বাতান এলাকায় পৌঁছুলে ব্যাটারিচালিত রিকশার সঙ্গে তার মোটরসাইকেলের  ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে তিনি রিকশা চালক হান্নানকে পেটাতে শুরু করেন। এতেও তার ক্ষোভ প্রশমিত হয়নি। এরপর তিনি আরও দুজনকে ডেকে এনে হাতুড়ি দিয়ে হান্নানকে পিটুনি দেন। এতে হান্নানের হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকার একটি হাসপাতালে তাকে পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে সেলিম হোসেন বলেন, ‘পেছন থেকে ওই রিকশাচালক ইচ্ছে করে আমার মোটরসাইকেলে ধাক্কা দিয়েছে। এতে রাগ সামলাতে না পেরে তাকে আঘাত করেছি।

হাতুড়ি কোথায় পেলেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পাশেই হাতুড়ি ছিল, ওই হাতুড়ি দিয়ে আঘাত করেছি।’

উপজেলা এলজিইডি প্রকৌশলী বিপ্লব পাল জানান, বিষয়টি শুনেছি, খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) আবুল বাশার বলেন, ঘটনাটি দুঃখজনক। আহত রিকশাচালক বা তার পরিবার এখন পর্যন্ত অভিযোগ দেয়নি। আমরা তার সর্বশেষ অবস্থার খোঁজখবর নিচ্ছি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.