বজ্রসহ বৃষ্টি হতে পারে ৩ বিভাগে

রংপুরসহ দেশের তিনটি বিভাগের অধিকাংশ স্থানে বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে। এক্ষেত্রে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

বুধবার (২৯ জুন) রাতে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, মৌসুমী বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এই অবস্থায় বৃহস্পতিবার (২৯ জুন) সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে। ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ১০ থেকে ১৫ কিলোমিটার, যা অস্থায়ীভাবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। শুক্রবার নাগাদ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।

বুধবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে, ১১১ মিলিমিটার। রংপুর অঞ্চলেও মাঝারি ধরনের ভারী বর্ষণ হয়েছে। এছাড়া তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে, ৩৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় বৃষ্টি হয়েছে ১৬ মিলিমিটার ও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.