রিমান্ড শেষে ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী কারাগারে

রাজধানীর নিউমার্কেটে সংঘর্ষে পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থীকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া শিক্ষার্থীরা হলেন-ঢাকা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র আব্দুল কাইয়ুম ও পলাশ, সমাজ বিজ্ঞানের ছাত্র ইরফান, বাংলা বিভাগের ছাত্র ফয়সাল ও ইতিহাস বিভাগের জুনায়েদ ইসলাম।

গত ৯ মে অপর একটি আদালত এই পাঁচজনের তিনদিন করে রিমান্ডের আদেশ দেন। সেই রিমান্ড শেষে শনিবার তাদের আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক হালদার অর্পিত ঠাকুর। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২৮ এপ্রিল নিউমার্কেটে সংঘর্ষে ডেলিভারিম্যান নাহিদ হত্যা মামলায় এই পাঁচ আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১ মে রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়।

এরপর পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় এ পাঁচ শিক্ষার্থীকে গ্রেফতার দেখানোসহ পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। গত ৯ মে ওই শিক্ষার্থীদের গ্রেফতার দেখান। এরপর আদালত তাদের তিন দিন করে রিমান্ডের আদেশ দেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.