মায়োর্কাকে হারিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে বার্সেলোনা

সব প্রতিযোগিতা মিলিয়ে ঘরের মাঠে টানা তিন হারের হতাশা পেছনে ফেলে ঘুরে দাঁড়াল বার্সেলোনা।

স্প্যানিশ লা লিগায় জয়ের ধারায় ফিরেছে বার্সেলোনা। ঘরের মাঠে টানা তিন হারের হতাশা ভুলে মায়োর্কাকে ২-১ গোলে হারিয়েছে কাতালানরা। আর এ জয়ে সেভিয়াকে টপকে টেবিলের দুইয়ে উঠে এসেছে জাভির শিষ্যরা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন হারের গ্লানি নিয়ে লা লিগায় মায়োর্কাকে আতিথেয়তা দেয় বার্সেলোনা। ঘুড়ে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক জাভির শিষ্যরা। বল দখলেও আধিপত্য তাদের।

ম্যাচের ২৪ মিনিটে অফসাইডের কারণে আরাহোর গোল বাতিল হলেও পরের মিনিটেই স্বাগতিকদের এগিয়ে নেন মেমফিস ডিপে।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর ৫৪ মিনিটে গোছানো আক্রমণ শানে বার্সা। ডান দিক থেকে ফেররান তরেসের ক্রস ক্লিয়ার করার চেষ্টায় বল মায়োর্কার ডিফেন্ডার আন্তোনিও রাইয়োর পায়ে লেগে পোস্টে বাধা পায়। যদিও আক্রমণের শুরতে অফসাইডে ছিলেন তরেস। পরক্ষণেই দ্বিগুণ হয় ব্যবধান। তরেসের প্রচেষ্টা প্রতিহত করেন সফরকারীদের এক ডিফেন্ডার। ফিরতি বল পেয়ে জায়গা বানিয়ে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন সার্জিও বুসকেতস।

ম্যাচের ৭৯তম মিনিটে ব্যবধান কমায় সফরকারীরা। সালভা সেভিয়ার দারুণ ফ্রি-কিকে ডি বক্সে ভলিতে গোলটি করেন রাইয়ো। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এই জয়ে বার্সেলোনা লা লিগায় দুইয়ে অবস্থান করে নিলো। আর অন্যদিকে, পয়েন্ট টেবিলে মায়োর্কার অবস্থান ১৬ নম্বরে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.