যশোরে সড়কের পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় দুই তরুণ নিহত হয়েছেন।
আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে যশোরের চৌগাছা উপজেলার ইলিশমারী ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার মদনপুর সীমানা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শাহিনুর রহমান (২২) ও সাগর হোসেন (১৮)। তারা চৌগাছার নারায়ণপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, শাহিনুর ও সাগর দ্রুত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। তাদের কারও মাথায় হেলমেট ছিল না।
উপজেলার নারায়নপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শাহিনুর রহমান বলেন, শাহিনুর ও সাগর চৌগাছা সড়ক ধরে মহেশপুরের বিদ্যাধরপুরের দিকে যাচ্ছিলেন। পথে চৌগাছার ইলিশমারী ঈদগাহপাড়া ও মহেশপুরের মদনপুর মোড়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শাহিনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সাগরের মারা যায়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, পুলিশ লাশ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

