সরকার দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পেরেছে : তথ্যমন্ত্রী

প্রতিকূলতা সত্ত্বেও সরকার দেশে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পেরেছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

রোববার (২৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় এক রেস্তোরাঁয় রাঙ্গুনিয়া সমিতি আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বের সর্বত্র দ্রব্যমূল্যে অস্থিতিশীলতা বিরাজ করছে। যুক্তরাজ্যে নিত্যপণ্যের মূল্য বেড়েছে ২৩ শতাংশ। পুরো ইউরোপে ভোজ্যতেলের দাম বেড়েছে ৭০ শতাংশ। জ্বালানি মূল্য বেড়েছে ৫০ শতাংশ। যুক্তরাষ্ট্রে গ্যাস ও তেলের মূল্য ৪০ শতাংশ বেড়েছে।

ইউরোপের বাজারে শুধু দ্রব্যমূল্য বৃদ্ধিই নয়, ঠিকমতো খাদ্যপণ্য পাওয়া যাচ্ছে না বলেও জানান তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, সেখানে পরিবহন খরচও বেড়ে গেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আমাদের দেশে কিন্তু পরিবহন খরচ বাড়েনি, বিদ্যুতের মূল্য বাড়েনি। সমগ্র বিশ্বেই অস্থিরতা, কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা দেশে সেটা হতে দেইনি। যারা অযথা সমালোচনা করে, তারা বিশ্ব পরিস্থিতির দিকে তাকায় না।

ইফতারপূর্ব সভায় রাঙ্গুনিয়া সমিতির সভাপতি ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলমের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে সহসভাপতি আবু তাহের, নুরুল হক প্রমুখ তাদের বক্তব্যে মন্ত্রী ড. হাছান মাহমুদের ঐকান্তিকতায় এলাকার বিভিন্ন উন্নয়ন কাজের জন্য মন্ত্রীকে ধন্যবাদ জানান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.