সুপ্রিম কোর্ট তাঁকে আবার অনাস্থা ভোটের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। আদালতের সেই রায়ের ঘণ্টাকয়েকের মধ্যে শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার রাতে এক টুইট বার্তায় ইমরান লেখেন, ‘শুক্রবার ক্যাবিনেটের বৈঠক ডেকেছি। সংসদীয় দলের বৈঠকও ডেকেছি। সন্ধ্যায় আমি জাতির উদ্দেশে ভাষণ দেব। সব সময়েই দেশবাসীর পাশে আছি এবং পাকিস্তানের হয়ে শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যাব।”
অনাস্থা প্রস্তাব খারিজ এবং ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে বৃহস্পতিবার অসাংবিধানিক বলে ঘোষণা করে পাক সুপ্রিম কোর্ট। টানা চার দিনের শুনানির পর প্রধান বিচারপতি উমর আটা বান্দিয়ালের নেতৃত্বে গঠিত পাক সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ এই ঘোষণা করে। পাশাপাশি, ওই বেঞ্চ সিদ্ধান্ত নিয়েছে যে, শনিবার সকাল সাড়ে ১০টায় ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনাস্থা ভোটের মুখোমুখি হতে হবে ইমরানকে।

