তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির মতবিনিময়

বাংলাদেশের আগামী নির্বাচন, মানবাধিকারসহ বিভিন্ন বিষয়ে তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময় হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ রবিবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে তুরস্কের পতাকাবাহী রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরানের গাড়িটি প্রবেশ করে। রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরানের সঙ্গে বৈঠক করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ‘দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন নিয়ে আমাদের মধ্যে আলাপ হয়েছে। রোহিঙ্গাদের ব্যাপারেও আলাপ হয়েছে। আপনারা জানেন, রোহিঙ্গা ইস্যুতে তার্কির ইনিশিয়েটিভ অত্যন্ত দূরদৃষ্টিসম্পন্ন। প্রথমেই তার্কির ফার্স্ট লেডি মন্ত্রীদের নিয়ে এখানে এসেছিলেন। বিশ্বের সামনে তাদের পক্ষ থেকে রোহিঙ্গার বিষয়টি খুব বড়ভাবে তুলে ধরা হয়েছিল। ’

‘মূলত দুই দেশের সম্পর্ক কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। যেগুলো সব সময় আলোচনায় উঠে আসে যেমন- আমাদের বাংলাদেশের নির্বাচন, মানবাধিকার, আইনের শাসন ইত্যাদি বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। ’

তুরস্ক কী বলে গেছে জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘কী বলেছে সেটা তো বলা যাবে না। কারণ এটা তো আমাদের …। ’

নির্বাচন নিয়ে কী আলোচনা হয়েছে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘স্বাভাবিকভাবে সবাই বাংলাদেশের নির্বাচন নিয়ে জানতে চাচ্ছে। এই প্রেক্ষাপটে বিএনপির নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত কী- সেটা জানতে চেয়েছে। বিএনপির অবস্থান আমরা তুলে ধরেছি। বিএনপির পক্ষে আমরা পাবলিকলি যা বলেছি সেটাই সেখানে তুলে ধরেছি। এখানে লুকোচুরির কিছু নাই। ’

তিনি বলেন, ‘আমরা সব সময় যা বলি… সেটাই বলা হয়েছে। বাংলাদেশের অবস্থা সম্পর্কে আলাদা করে বলার কিছু নাই। এটা সবাই জানে, এগুলো বলতে হয় না। ’

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে তুরস্কের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সস্পর্ক গড়ে ওঠা এবং ঢাকায় কামাল আতাতুর্ক এভিনিউ এবং আংকারায় জিয়াউর রহমান সড়কের নামকরণসহ দুই দেশের মধ্যকার নিবিড় সম্পর্কের বিষয়টি আলোচনায় উঠে এসেছে বলে জানান আমীর খসরু।

রুদ্ধদ্বার বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ। রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন তুরস্কের উপরাষ্ট্রদূত কামাল বুরাক তেমিজেল।

গত ১৭ মার্চ গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের তিন সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার। এরপর এই কার্যালয়ে বৈঠক হলো তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.